প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতে নিখোঁজ মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আলজাজিরার তদন্ত অনুযায়ী, এখন পর্যন্ত ২ হাজার ৮৪২ জন মানুষের দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়নি।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, উদ্ধার অভিযানে পরিবারপ্রতি সদস্যসংখ্যা ও প্রাপ্ত মরদেহের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। এর ভিত্তিতেই নিখোঁজ তালিকা তৈরি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ও শক্তিশালী অস্ত্র ব্যবহারের ফলে ধ্বংসযজ্ঞের মাত্রা অনেক বেড়ে গেছে। এতে উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম জটিল হয়ে উঠছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বহু মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়েছেন।
মানবাধিকার সংগঠনগুলো এই পরিস্থিতিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তারা নিরপেক্ষ তদন্ত ও যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।
বিশ্লেষকদের মতে, দ্রুত কূটনৈতিক উদ্যোগ ও মানবিক সহায়তা ছাড়া গাজার পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।
মন্তব্য করুন: