প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:৪৩
আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লাহর ১৭ কোটি ৭৭ লাখ ৩২ হাজার ৪৯৭ টাকা মূল্যের ঢাকার মিরপুর, পল্লবী ও সাভরের মার্কেট, ফ্ল্যাট, জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার চারটি গাড়ি, প্রাইজ বন্ড ও ৭ কোটি এক লাখ ১৯ হাজার ৩৬০ টাকা থাকা ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতির অভিযোগ থাকায় আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
জব্দের আদেশ হওয়া চারটি গাড়ির মূল্য ২ কোটি ৩২ লাখ ৩৯ হাজার ৫৬৪ টাকা এবং ৩০ লাখ টাকার প্রাইজ বন্ড।
মামলার তদন্তকারী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ফেরদৌস রহমান এসব জমি, ফ্ল্যাট, মার্কেট জব্দ এবং গাড়ি, প্রাইজ বন্ড ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায়, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারাসহ নিজ ও নিজ ব্যবসা প্রতিষ্ঠান নামীয় ব্যাংক হিসাবসমূহের মাধ্যমে ১৭৩ কোটি ৪৬ লাখ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ইলিয়াস উদ্দিন মোল্লাহর অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে প্রাপ্ত তার নিজনামীয় ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরনামীয় এসব স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
এর আগে গতকাল সোমবার একই আদালত ইলিয়াস উদ্দিন মোল্লাহর স্ত্রী ফরিদা ইলিয়াসের ৯৭ লাখ সাত হাজার ৬২৮ টাকা থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়।
গত ৮ ডিসেম্বর ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করে দুদক।
মন্তব্য করুন: