প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৩:২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নীতিগত রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীতে আয়োজিত পলিসি সামিটে দলের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা ও শাসন কাঠামোর প্রস্তাব তুলে ধরা হয়।
সম্মেলনে জানানো হয়, দীর্ঘ সময়ের কর্তৃত্ববাদী বাস্তবতা পেরিয়ে দেশ এখন এক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মোড়ে দাঁড়িয়ে। এই প্রেক্ষাপটে নির্বাচনকে কেবল ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্র পরিচালনার নতুন দর্শন নির্ধারণের সুযোগ হিসেবে দেখছে দলটি।
রূপরেখায় অর্থনৈতিক স্থিতিশীলতা, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক রূপান্তরকে সমান গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। এতে উল্লেখ করা হয়, উন্নয়ন কেবল প্রবৃদ্ধির সংখ্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না; উন্নয়নের সুফল মানুষের জীবনে নিরাপত্তা, আস্থা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
সম্মেলনে বলা হয়, দেশে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট, নারীর কাঠামোগত প্রতিবন্ধকতা এবং স্বল্প আয়ের মানুষের অর্থনৈতিক ঝুঁকি রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এসব বাস্তবতা মোকাবিলায় অর্থনৈতিক চিন্তায় মৌলিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিক ও পেশাজীবীদের ভূমিকার কথাও রূপরেখায় গুরুত্ব পায়। তাঁদের পাঠানো রেমিট্যান্সের পাশাপাশি দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নের অংশ করার আহ্বান জানানো হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাষ্ট্র, নাগরিক, বেসরকারি খাত ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে কার্যকর সহযোগিতা অপরিহার্য।
মন্তব্য করুন: