প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৮:১১
রাজধানীর গুলশানে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মীম একটি বারের ড্যান্সারের পাশাপাশি পার্লারের ব্যবসায় যুক্ত ছিলেন। এ ঘটনায় নুসরাত নামে একজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার এসআই মো. মারুফ আহমেদ। তিনি বলেন, শনিবার রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাদিয়া রহমান মীম নামে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করি। মুখ, মাথাসহ তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে গতকাল দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানেই তাকে দাফন করা হবে। নিহত মীম ওই এলাকার মৃত শহীদ আলীর মেয়ে। এসআই মারুফ বলেন, নিহত তরুণী পেশায় একজন ড্যান্সার ছিলেন এবং তার একটি নিজস্ব পার্লার ছিল। ইতিপূর্বে তার দুইবার বিয়ে হয়েছিল এবং উভয় স্বামীর সঙ্গেই তার বিচ্ছেদ হয়েছে। প্রথম পক্ষে মারিয়া নামে ৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এই ঘটনায় নিহতের বড় বোন শাহিদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে গুলশান থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩৭) দায়ের করেন। তবে হত্যাকাণ্ডের মূল কারণ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের রুমমেট নুসরাতকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
মন্তব্য করুন: