প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৭:৫৭
চীনা কর্মকর্তারা ইউরোপীয় দেশগুলিকে আইনগত পরামর্শ দিচ্ছেন যে, তাদের নিজস্ব সীমান্ত আইন অনুযায়ী তাইওয়ানের রাজনীতিবিদদের প্রবেশ অনুমোদন না দেয়া উচিত।
এই বিষয়টি কমপক্ষে ছয়জনের বেশি কূটনীতিক ও কর্মকর্তার মাধ্যমে জানা গেছে। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলছে, চীনা কর্মকর্তারা বেইজিংয়ে ইউরোপীয় রাষ্ট্রদূতাবাসগুলিতে অথবা স্থানীয় রাষ্ট্রদূতাবাসের মাধ্যমে সরাসরি ইউরোপীয় সরকারগুলিকে সতর্ক করেছেন, তারা যেন ‘চীনের লাল রেখা লঙ্ঘন’ না করে।
এই পদক্ষেপ নভেম্বর ও ডিসেম্বর মাসে নেয়া হয়েছিল এবং আংশিকভাবে ইউরোপে তাইওয়ানের কর্মকর্তাদের সাম্প্রতিক সফরের প্রতিক্রিয়া হিসেবে তা নেয়া হয়। এর মধ্যে বর্তমান ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্টের সফর অন্তর্ভুক্ত। চীনের নোটে বলা হয়, ইউরোপীয় পক্ষের ভিসা নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সার্বভৌমত্বের প্রতি তারা শ্রদ্ধাশীল। তবে প্রাতিষ্ঠানিক ফাঁক থাকায় তাইওয়ানের রাজনীতিবিদরা ঘন ঘন সফর করতে পেরেছে।
চীনা কর্মকর্তারা উল্লেখ করেছেন, ইউরোপীয় দেশগুলিতে তাইওয়ানের কর্মকর্তাদের প্রবেশ করতে দেয়া হলে তা সেই দেশের চীন সম্পর্ককে ক্ষুণ্ন করবে। কিছু ক্ষেত্রে চীন ভিয়েনা কনভেনশন বা জাতিসংঘের নীতির উদাহরণ দিয়ে পরামর্শ দিয়েছে এবং ইউরোপীয় দেশগুলিকে সরকারি ভবনে তাইওয়ানিদের প্রবেশ নিষিদ্ধ করার পরামর্শও দেয়া হয়েছে।
মন্তব্য করুন: