প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৩
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) উচ্চ সম্পদশালী ব্যক্তিদের জন্য নতুন একটি পণ্য চালু করেছে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিসা। ‘ভিসা প্রাইভেট’ নামের এই সেবাটি সাধারণ কার্ড পেমেন্টের সুবিধার বাইরে গিয়ে গ্রাহকদের জন্য নানা ধরনের বিশেষ সুবিধা দেবে।
প্রথমে ইউএইতে চালু হওয়ার পর ধাপে ধাপে এটি জিসিসির অন্যান্য দেশেও চালু হবে। ভিসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেবার মাধ্যমে গ্রাহকরা ‘বাছাই করা ভ্রমণ, জীবনযাপন ও খুচরা সুবিধা’ পাবেন।
ভিসার এমইএনএ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও প্রোডাক্টস অ্যান্ড সলিউশনস প্রধান ইউরি টোপুনভ বলেন, ‘ভিসা প্রাইভেট আমাদের অন্তর্দৃষ্টিকে বাস্তবায়নের এক উদাহরণ। ব্যাংক পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা এমন একটি পণ্য তৈরি করেছি, যা এই অঞ্চলের সবচেয়ে বিচক্ষণ গ্রাহকদের জীবনযাত্রার সঙ্গে মানানসই, পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করে।’
তিনি আরো বলেন, ‘উচ্চ নেট-মূল্যের ব্যক্তিদের জন্য এক নির্বিঘ্ন পেমেন্ট সমাধানের পাশাপাশি আরো সমৃদ্ধ অভিজ্ঞতা দিয়ে আমরা আমাদের পার্টনারদের সঙ্গে গ্রাহক সম্পর্ক গভীর করছি এবং ইউএই সরকারের বৃহত্তর ডিজিটাল কমার্স এজেন্ডাকে সহায়তা করছি।’
ভিসা প্রাইভেটের মাধ্যমে কার্ডধারী ও তার দুই অতিথি বিনামূল্যে এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন, ইউএইর ভেতরে এয়ারপোর্ট ট্রান্সফার সেবাও পাবেন।
এ ছাড়া ওয়ানভাসকো ভিসা আবেদন কনসিয়ার্জ সেবা, হ্যারডস গোল্ড টিয়ার সদস্যপদ, জিসিসি অঞ্চলের নির্বাচিত ফাইন-ডাইনিং ভেন্যু ও বিচ ক্লাবে সারা বছর ছাড়, বিনামূল্যে প্যাডেল কোর্ট ব্যবহারের সুবিধা, ২০টির বেশি প্রিমিয়াম হোটেলে এক রাতের বিনামূল্যে থাকা, ক্লাব মেডে এক্সক্লুসিভ অফার ও সুবিধাসহ আরো অনেক সুবিধা পাবেন কার্ডধারীরা।
ইউএই নিয়মিতভাবেই বিশ্বজুড়ে উচ্চ নেট-মূল্যের ব্যক্তিদের আকর্ষণ করে, বিলাসবহুল ও অতি বিলাসবহুল রিয়েল এস্টেটের জন্যও এটি পরিচিত। দুবাই ইউরোপ ও মেনা অঞ্চলের মধ্যে চতুর্থ ধনী শহর হিসেবে স্থান পেয়েছে, যেখানে ৮৬ হাজার মিলিয়নিয়ার ও ২৩ বিলিয়নিয়ার বসবাস করেন। নিরাপদ আশ্রয় হিসেবে দুবাইয়ের খ্যাতি, স্বল্প কর ব্যবস্থা এবং বহুমুখী অর্থনীতি ধনী ব্যক্তিদের আগমন বাড়িয়ে চলেছে।
মন্তব্য করুন: