প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২
রংপুর নগরীর তাজহাট থানা এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে দর্শনা মোড় থেকে মডার্ন মোড় মহাসড়কের পশ্চিম পাশে শুঁটকির আড়ত সংলগ্ন একটি বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহাজান আলী বলেন, ‘অভিযান পরিচালনাকালে শুঁটকির আড়তের পাশে বাউন্ডারিওয়ালা একটি নির্জন বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে তাজহাট থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কারা এখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ধারণা করছি, কোনো সংঘবদ্ধ চক্র নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এগুলো মজুদ করেছিল।
’এদিকে স্থানীয় বাসিন্দারা হঠাৎ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন। শুঁটকির আড়ৎ এলাকার পানের দোকানদার শামিম মিয়া বলেন, ‘এলাকাটা রাতে প্রায় নির্জন থাকে। মাঝে মাঝে সন্দেহজনক লোকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। এতগুলো বন্দুক এখানে পাওয়া যাবে, আমরা তা ভাবতেও পারিনি।
’স্থানীয় বাসিন্দা কালাম মিয়া জানান, যদি এগুলো কোনো অপরাধীগোষ্ঠীর হাতে যেত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। যৌথ বাহিনীর এমন তৎপরতায় আমরা স্বস্তি পাচ্ছি।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, সম্প্রতি রংপুরসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অস্ত্র চোরাচালান ও অপরাধ চক্র সক্রিয় হওয়ার গোপন তথ্য পাওয়া গিয়েছিল। তারই অংশ হিসেবে যৌথভাবে এ অভিযান চালানো হয়।
রংপুর নগরীর বাসিন্দারা জানান, এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো সক্রিয় হতে হবে। শুধু অস্ত্র উদ্ধারে সীমাবদ্ধ না থেকে অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।
মন্তব্য করুন: