প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
যুক্তরাষ্ট্র প্রায় সব ফিলিস্তিনি পাসপোর্টধারীর জন্য ভিসা অনুমোদন স্থগিত করেছে। রবিবার দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত তাদের কূটনীতিকদের নির্দেশ দিয়েছে, তারা যেনো ফিলিস্তিনি পাসপোর্টধারীদের অধিকাংশ ভিসার আবেদন প্রত্যাখ্যান করেন।
আবেদনকারীরা পশ্চিম তীর, গাজা কিংবা বিদেশে বসবাস করুক না কেন, তাদের ভিসা বাতিল হবে।
সিএনএনের হাতে আসা একটি কূটনৈতিক বার্তায় এ তথ্য জানা গেছে। ১৮ আগস্ট তারিখে স্বাক্ষরিত এই অভ্যন্তরীণ বার্তাটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর স্বাক্ষরিত।
যেখানে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেনো কোনোভাবে যোগ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাসপোর্টধারীদের ভিসা আবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে। এর ফলে ফিলিস্তিনিরা চিকিৎসা, কলেজে পড়াশোনা এবং ব্যাবসায়িক সফরেও যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
নিউইয়র্ক টাইমস প্রথম এই নিষেধাজ্ঞার খবর প্রকাশ করে। পত্রিকাটি জানায়, ট্রাম্প প্রশাসনের ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ রুখে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে এটি অন্যতম।
এর আগে ১৬ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ‘গাজার বাসিন্দাদের জন্য সব ভিজিটর ভিসা আপাতত পর্যালোচনার জন্য স্থগিত করা হয়েছে।’ এরপর শুক্রবার তারা আরো জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্টাইন অথরিটি’-এর সদস্যদের ভিসা বাতিল করা হচ্ছে।
এর মধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও রয়েছেন। এই পদক্ষেপগুলো এমন সময় নেওয়া হয়েছে, যখন বিশ্বের একাধিক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে এবং গাজায় যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
পররাষ্ট্র দপ্তরের ওই বার্তায় বলা হয়েছে, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, ভিসার আবেদনকারীদের যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে এবং মার্কিন আইনের আওতায় তারা ভিসার জন্য উপযুক্ত কি না, তা নিশ্চিত করা হয়েছে।’
দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘পিএ পাসপোর্টধারীদের ক্ষেত্রে ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা এবং বাতিলের বিষয়টি মার্কিন আইন ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর করা হচ্ছে। প্রতিটি ভিসা সিদ্ধান্তই জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং সেই অনুযায়ী যাচাই ও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
’তবে এই নিষেধাজ্ঞা অভিবাসী ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একইভাবে, যারা অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদন করছেন, তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এই নির্দেশনায় কূটনৈতিক ও অফিশিয়াল ধরনের ভিসার আবেদনকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যদি তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাসপোর্ট ব্যবহার করে আবেদন করেন।
মন্তব্য করুন: