প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৭:০৮
ডাকাতের মারধরে মানিকগঞ্জের সিংগাইরে মো. মহর উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ গৃহকর্তা নিহত হয়েছেন। সেই সঙ্গে ডাকাতরা তার ৪টি গরু লুট করে নিয়ে গেছে।
রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহর উদ্দিন ওই গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১২ জনের ডাকাতদল পিকআপ গাড়ি নিয়ে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মহর উদ্দিনের বাড়িতে হানা দেয়। এরপর গোয়ালঘর থেকে গরু লুট করার সময় ডাকাতদের বাধা দেন বাড়ির মালিক মহর উদ্দিন। এ সময় তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করে ৪টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতদলটি। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় ইউপি সদস্য মীর রবিউল জানান, ডাকাতরা চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় মহর উদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে মারা যান মহর উদ্দিন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম বলেন, নিহত মহর উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মন্তব্য করুন: