প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৫, ১৭:৩১
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে তিস্তা নদীতীরবর্তী এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তিস্তা ব্যারাজে দায়িত্বপ্রাপ্ত পানি পরিমাপক নূরুল ইসলাম।
তিনি জানান, তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। সকাল ৬টায় নদীর পানিপ্রবাহ ছিল ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার হলেও বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়ায় ৫২ দশমিক ২০ সেন্টিমিটারে। অর্থাৎ বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে।
এ অবস্থায় নদীর দুই পাড়ে দেখা দিয়েছে উদ্বেগ।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীপাড়ের এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মিটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘উজানে পানির প্রবাহ বাড়লে ভাটি এলাকায় দ্রুত প্রভাব পড়ে। ইতোমধ্যে ব্যারাজের জলকপাট খুলে দেওয়ায় নদীপারের কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে।
এই পরিস্থিতি অব্যাহত থাকলে রাতেই বন্যা দেখা দিতে পারে।’ স্থানীয়রা জানান, হঠাৎ পানির চাপ বাড়ায় নদীসংলগ্ন চাষাবাদ ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন: