প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৭:৫৭
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ আন্ত জেলা ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা, পুলিশের লোগো, ব্যাগ, আইডি কার্ড ও দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন—জামালপুর জেলা সদরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহাদত হোসেন (২৮), বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর মাকরকোলা গ্রামের আবু তালেবের ছেলে আব্দুল কুদ্দুস (২৬) ও আলেপ সেখের ছেলে ওমর ফারুক (২৭)।
রবিবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার মথারপুর বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার শাহদত, ফারুক ও কুদ্দুস দেশের বিভিন্ন এলাকায় পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সরবরাহ করে থাকে। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে নিরাপদভাবে মাদক দ্রব্য পৌঁছে দেয়। তারই ধারাবাহিকতায় তারা শনিবার রাতে শেরপুরের চান্দাইকোনা বাজার এলাকা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ে মথুরাপুর বাজারের দিকে রওনা হয়।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মধ্যরাতে মথুরাপুর জিরো পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে পুলিশ লেখা কাঁধে ঝুলানো ব্যাগের ভেতর দেড় কেজি গাঁজা জব্দ করে। এ ছাড়া তাদের কাছে পুলিশের লোগো ও আইডি কার্ড পাওয়া যায়।
উল্লেখ্য, স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ২০২৩ সালে সুনামগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্য শাহাদত হোসেন চাকরিচ্যুত হয়েছেন।
এরপর থেকে শাহাদত আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘এ চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’
মন্তব্য করুন: