প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৪:৪৮
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদকে (২০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের খবর পেয়ে বাবা আলী আকবর ছেলেকে দেখতে যান। তখন সেখানেই স্ট্রোক করেন তিনি। এরপর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন ফাহাদকে (২০) শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তার করা হয়। সে শর্শদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলী হোসেন ফাহাদের গ্রেপ্তারের খবর পেয়ে তার বাবা আলী আকবর ফেনী মডেল থানায় ছেলেকে দেখতে যান।
নিরপরাধ ছেলের হাতে হাতকড়া দেখে সেখানে স্ট্রোক করেন হতভাগা পিতা। পরে প্রত্যক্ষদর্শীরা থানার কাছেই ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে (৫৫) মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, ফাহাদের নামে কোনো মামলা নেই। তবুও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা কালের কণ্ঠকে বলেন, ফেনী মডেল থানার পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান কালের কণ্ঠকে জানান, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। তাৎক্ষণিক তার পিতার মৃত্যু হওয়ায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে আত্মীয় স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: