প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৪:৫৩
সুস্থ শরীরের জন্য শাক-সবজি ও ফল খাওয়ার কোনো বিকল্প নেই। বিশেষত, নিয়ম মেনে খাবার খাওয়া গেলে অনেক শারীরিক সমস্যা এড়ানো সম্ভব। ডায়েটিশিয়ানরা বলেন, প্রতিদিনের ডায়েটে মৌসুমি ফল ও সবজি রাখলে শরীর ভালো থাকে। অনেক সময় কাঁচা সবজি বা অঙ্কুরিত ডাল খাওয়ারও পরামর্শ দেওয়া হয়, কারণ এতে পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে।
তবে সব খাবার কাঁচা খাওয়ার উপযুক্ত নয়। কিছু খাবার আছে, যেগুলো কাঁচা খেলে পেটের গোলমাল থেকে শুরু করে আরো গুরুতর শারীরিক সমস্যা হতে পারে। চলুন, জেনে নিই কোন খাবারগুলো কাঁচা না খাওয়াই ভালো।
কাঁচা ছোলা
অনেকেই খালি পেটে অঙ্কুরিত ছোলা খান বা মুড়িমাখা-আলুকাবলির মতো খাবারে কাঁচা ছোলা ব্যবহার করেন।
যদিও ছোলা প্রোটিনে ভরপুর ও স্বাস্থ্যকর, কিন্তু একেবারে কাঁচা ছোলা খাওয়া বিপদ ডেকে আনতে পারে। অঙ্কুরিত কাঁচা ছোলায় প্যাথোজেনিক ব্যাক্টেরিয়া থাকতে পারে, যা পেটের সমস্যা, গ্যাস বা পেট খারাপের কারণ হতে পারে। তাই ভালোভাবে ধুয়ে ও সামান্য সিদ্ধ করে খাওয়াই নিরাপদ।
কাঁচা কাঠবাদাম (বিটার আমন্ড) আমরা সাধারণত যে কাঠবাদাম খাই, তা মিষ্টি স্বাদের ও শরীরের জন্য উপকারী।
কিন্তু একই রকম দেখতে আরেক ধরনের বাদাম রয়েছে, যাকে বলে ‘বিটার আমন্ড’ বা তেতো বাদাম। এই বাদামে থাকে হাইড্রোসায়ানিক এসিড, যা একটি বিষাক্ত উপাদান। কাঁচা অবস্থায় এটি খেলে শরীরের ক্ষতি হতে পারে—হজমের সমস্যা, বমি ভাব, এমনকি বিষক্রিয়াও ঘটতে পারে।
কাঁচা সসেজ
সসেজ আজকাল খুবই জনপ্রিয়—সন্ধ্যার স্ন্যাক্স হোক বা সকালের প্রাতরাশে। তবে অনেকেই ভাজার আগেই বা ভালোভাবে রান্না না করেই সসেজ খেয়ে ফেলেন।
এটা একেবারেই ঠিক নয়। কাঁচা সসেজে ‘লিস্টেরিয়া’ নামক ব্যাকটেরিয়া থাকতে পারে, যা শরীরের অভ্যন্তরে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। তাই সসেজ অবশ্যই ভালো করে রান্না করে খান।
খাবার যতই পুষ্টিকর হোক না কেন, কাঁচা খাওয়ার আগে জানতে হবে সেটা শরীরের পক্ষে নিরাপদ কি না। সব কিছুতেই যেমন ভারসাম্য জরুরি, তেমনই খাদ্যতালিকায় কিভাবে খাবার রাখবেন, তা-ও বুঝে নেওয়া দরকার। স্বাস্থ্য ভালো রাখতে হলে শুধু ভালো খাওয়া নয়, সঠিকভাবে খাওয়াটাও অত্যন্ত জরুরি।
মন্তব্য করুন: